বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক মোড় এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে। শনিবার রাতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার শুরুরও ঘোষণা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল চলাকালীন সময়ে দলটির সকল কার্যক্রম, সেই সঙ্গে তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের কর্মকাণ্ডও নিষিদ্ধ থাকবে।
এই সিদ্ধান্তের পরপরই দেশজুড়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং ছাত্র আন্দোলনের সংগঠকরা এই নিষেধাজ্ঞাকে ন্যায়বিচারের পথে অগ্রগতি হিসেবে দেখছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা খান তালাত মাহমুদ রাফি বলেন, “যারা মানুষ মা’রে তাদের অনলাইন, অফলাইনে কোনো রকম একটিভিটি করার অধিকার নাই।
অনলাইনেও নিষিদ্ধ লীগের কার্যক্রম বন্ধ হবে।” তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহলের একাংশ এই পদক্ষেপকে ‘গুরুত্বপূর্ণ বিচারিক পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানালেও কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক সংঘাত আরও জটিল আকার ধারণ করতে পারে। রাজনৈতিক ভারসাম্য, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং জাতীয় সংহতির ওপর এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে চলছে তীব্র আলোচনা।
এই পরিস্থিতিতে দেশের নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায় এখন বাংলাদেশের সামনে খুলে যাওয়া নতুন রাজনৈতিক বাস্তবতার দিকেই তাকিয়ে। এই পদক্ষেপ কি ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এক দৃঢ় অগ্রগতি, নাকি নতুন সংকটের সূত্রপাত—তা সময়ই বলে দেবে।