ছাত্র-জনতার তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ক্ষমতায় থাকাকালীন বিদেশে তৈরি করা সেকেন্ড হোমে আশ্রয় নিয়েছেন দলটির শীর্ষ নেতারা।
সেখান থেকেই এখন সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছেন তারা। বিভিন্ন উপলক্ষ ঘিরে একসঙ্গে মিলিত হতেও দেখা যাচ্ছে এসব নেতাকর্মীদের।
সবশেষ লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে পতিত আওয়ামী সরকারের সাবেক অন্তত চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে। যেখানে নেতার ছেলের বিয়ে উপলক্ষে একসঙ্গে মিলিত হয়ে ভুরিভোজ সারতেও দেখা গেছে তাদের।
লন্ডনের ওটু এলাকায় স্থানীয় সময় রোববার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়েতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান–বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সিলেট–৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।