নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোণার আটপাড়ায় বাড়িতে একা পেয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার ও সর্বোচ্চ শস্তি নিশ্চিতের দাবি জানিয়ে নিপীড়িত নারী ও শিশু আইনী ও স্বাস্থ্য সহায়তা সেলের নেত্রকোনা জেলা কমিটি সংবাদ সম্মেলন করেছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রেসক্লাবের মিলনায়তন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সেলটির নেত্রকোনা জেলা কমিটির সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আইনজীবী ড. আরিফ জেসমিন নাহিন, সমন্বয়কারী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী।
বক্তারা বলেন, নিপীড়িত শিশুটিকে আইনী ও স্বাস্থ্য সহায়তাসহ সামাজিক পূণর্বাসনও নিরাপত্তা দিতে পাশে দাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই লক্ষে সেল থেকে সব সহায়তা দেয়া হচ্ছে শিশুটি ও তার পরিবারকে। সংবাদ সম্মেলনে ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
গত ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একটি গ্রামে শিশুটিকে ধর্ষণ করে আটপাড়া উপজেলার নারাচাতল গ্রামের ১৯ বছর বয়সের অন্তর মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাড়িতে একা পেয়ে অন্তর শিশুটিকে জোর করে ধর্ষণ করেন। বাধা দিলে শিশুটিকে মারপিট করা হয়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই তরুণ পালিয়ে যান।
পরে রাত ১টার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।
বুধবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এর পর থেকে এখনও হাসপাতালটিতে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
আটপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত তরুণকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।