ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে একের পর এক ডাকাতির ঘটনায় ব্যর্থতার অভিযোগে মিয়া বাজার হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১ মার্চ) এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে চৌদ্দগ্রাম এলাকায় মহাসড়কে ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এসব ঘটনা প্রতিরোধে ব্যর্থতার জন্য ওসি জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
গত দুই মাসে এই মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে অন্তত চারটি বড় ডাকাতির ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। ১৫ জানুয়ারি মিরশ্বানী এলাকায় ৩০০ বস্তা চাল বহনকারী ট্রাক ডাকাতরা পুলিশ পরিচয়ে ছিনিয়ে নেয়। এরপর ৮ ফেব্রুয়ারি মিয়া বাজার মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্সে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল স্বর্ণের দোকান লুট করতে গিয়ে গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়, এতে ব্যবসায়ী মোশারফ আহত হন এবং ৩৫ ভরি স্বর্ণ লুট হয়।
২৭ ফেব্রুয়ারি ভোরে ফাল্গুনকরা মাজার এলাকায় কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের বহনকৃত মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ১ মার্চ একই স্থানে মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের বহনকৃত প্রাইভেটকারও ডাকাতদের কবলে পড়ে।
বারবার এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, তারা নিরাপত্তার অভাব এবং পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কৌশল নেওয়া হবে এবং নজরদারি আরও জোরদার করা হবে।