রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকী জানাজা আয়োজন করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে তারা এই প্রতীকী জানাজা কর্মসূচি পালন করেন। এর আগে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং নানা স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সুশাসন চাই, জীবনের নিরাপত্তা চাই’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের দেব না’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষক ও খুনিদের ফাঁসি চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘আইনশৃঙ্খলার বেহাল দশা, ইন্টেরিম করে রং তামাশা’—এমন নানা স্লোগান দেন।
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী মারুফ বলেন, “বিগত কয়েক দিন দেশে ধর্ষণ, খুন, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে বলতে চাই, আপনারা যদি নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে পদত্যাগ করুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার মতো অযোগ্য উপদেষ্টা এ দেশের মানুষের প্রয়োজন নেই।”
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আজাদ বলেন, “কয়েক মাস ধরে দেশে নির্যাতন-নিপীড়ন বেড়েই চলছে। এর মূল কারণ আইনশৃঙ্খলা বাহিনীর নতজানু নীতি। অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, দয়া করে এই নতজানু নীতি এদেশে আর চালাবেন না। এই দেশ নতুন করে যেমন বিপ্লবী গতিতে স্বাধীন হয়েছে, তেমনই বিপ্লবী গতিতেই চলবে। ২৪-এর অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলায় আর কারও ঠিকাদারি আমরা মেনে নেব না।”
শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির দায় সরকার এড়াতে পারে না। নতুন বাংলাদেশে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু বর্তমানে যেভাবে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, তা প্রমাণ করে যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। শিক্ষার্থীরা আরও বলেন, যদি সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে সারা দেশে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।