হাবিবুর রহমান সাগর,জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের পক্ষ থেকে ফুটওভার ব্রিজে আশ্রয় নেয়া ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল উপহার দেওয়া হয়েছে।
আজ (শনিবার) মধ্য রাতে সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিমের উদ্যোগে ঢাকা- আরিচা মহাসড়ক ও ফুটওভার ব্রিজে আশ্রয় নেয়া ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল উপহার দেয়ার মধ্য দিয়ে লাল সবুজের সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি শেষ হলো।
এই সংগঠনের সদস্যরা তীব্র শীতকে উপেক্ষা করে কুয়াশাভরা মধ্য রাতেই ভ্রাম্যমাণভাবে অসহায় শীতার্ত মানুষের দ্বারপ্রান্তে কম্বল পৌঁছে দিয়েছি। লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের সিংহভাগ জেলায় এবারের শীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগ ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমাদের লক্ষ্য কেবলমাত্র শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া নয়, বরং তাদের মনে আশা জাগিয়ে তোলা যে আমরা তাদের পাশে আছি। আজকের এই প্রচেষ্টা যদি একজন মানুষকেও উষ্ণতা এনে দিতে পারে, তাহলে সেটাই আমাদের প্রকৃত সাফল্য। সবার প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আমরা একসঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই। আমাদের ছোট্ট সহযোগিতাও যদি কারও জীবনকে বদলে দিতে পারে, তাহলে সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।
উল্লেখ্য যে “লাল সবুজ উন্নয়ন সংঘ” সদস্যদের টিফিনের টাকায় পরিচালিত একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ২০১১ সালে কুমিল্লা থেকে যাত্রা শুরু করে। বর্তমানে এই সংগঠনটি দেশের সিংহভাগ জেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতায় কাজ করে যাচ্ছে। উক্ত সংগঠনটির সদস্যরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। সদস্যরা তাদের নিজেদের টিফিনের টাকা জমিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। লাল সবুজ উন্নয়ন সংঘ “এগিয়ে চলো মানবতার সেবায়” এই চেতনাকে ধারণ করে বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন- বৃক্ষরোপণ, পরিষ্কার- পরিচ্ছন্নতা কর্মসূচি, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, ঈদ ও শীতবস্ত্র উপহার, বন্যা- দুর্যোগসহ দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে।