সাব্বির হোসেন, (লালমনিরহাট প্রতিনিধি):
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিটারী এলাকায় রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় অন্তত ১৮ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সংঘর্ষে আহতদের মধ্যে মোস্তাকিন হোসেন, মোহাম্মদ হোসেন, লালন মিয়া, সুমন হোসেন, মিঠু, লাবিব, লাভলি বেগম, বিলকিস বেগম, খাদিজা খাতুন, মাহাবুব ইসলাম, সোহাগ হোসেন, সোহান, মামুন, লিটন, তাগবির, শারমিন খাতুন ও মনি খাতুন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে মোস্তাকিন হোসেন ও মাহাবুব ইসলামের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে মোস্তাকিনের বাড়ির পাশে রাস্তা নির্মাণের চেষ্টা করলে মাহাবুব ও তার লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। অপরপক্ষও পাল্টা হামলা করেছে বলে জানা যায়।
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী কালবেলা বলেন, এখনও কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।