চট্টগ্রামের পটিয়ায় জামায়াতের দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি কোরবান আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব-৭ এর একটি অভিযানিক টিম। সে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে এবং পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
র্যাব-৭ সূত্রে জানা যায়, কোরবান আলীর বিরুদ্ধে পটিয়া থানায় ২৭ আগস্ট পটিয়া থানায় জামায়াত নেতার দায়ের করা হত্যাচেষ্টা মামলার ৩৭নং আসামি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এজাহারনামীয় পলাতক আসামি মো. কোরবান আলী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন রাস্তার মাথায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) আনুমানিক রাত ১০টার দিকে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কোরবান আলীকে গ্রেপ্তার করে।
এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কোরবান আলী স্বীকার করে, সে সদলবলে গত ৪ আগস্ট পটিয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এলাকায় দেশি এবং বিদেশি আগ্নেয়াস্ত্র দ্বারা ভিকটিমদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পটিয়া থানার ওসি জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে র্যাব-৭ হত্যাচেষ্টা মামলার আসামি কোরবান আলীকে পটিয়া থানায় হস্তান্তর করেন। শুক্রবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।