লালমোহন (ভোলা) প্রতিনিধি
লালমোহনে সার কেলেংকারীর অভিযোগে বিসিআইসি’র পরিবেশক আসিফ এন্টারপ্রাইজ এবং এস আলম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে সোমবার
( ৬ জানুয়ারী) সকালে এ দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহ আজিজের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টিম। এসময় ভ্রাম্যামান আদালতের টিমের সদস্যরা এ দুটি প্রতিষ্ঠানের সারের মূল্য যাচাই এবং মজুদ পর্যবেক্ষণ করতে গিয়ে দেখতে পান বহু দিন ধরে ইউরিয়া সারের মূল্য ১৫০০ টাকা দরে ৫০ কেজি সারের বস্তা বিক্রয় করেন করে চলেছে এ দুটি প্রতিষ্ঠান।
যদিও এ সারের সরকার নির্ধারিত মূল্য ১৩৫০ টাকা বস্তা। এ ছাড়া এ দুটি প্রতিষ্ঠান ২ ধরনের মেমো ব্যবহার করে থাকেন। একটিতে দোকানের নাম ঠিকানা স্বাক্ষর থাকে, যাকে বলা হয়ে থাকে পাকা মেমো এবং অন্যটির উপর নাম ঠিকানা স্বাক্ষর
থাকে না, যাকে বলা হয়ে থাকে কাচা মেমো। এ ধরনের কর্মকান্ড ভ্রাম্যমান আদালতের কাছে সরাসরি অন্যায় বলে প্রতিয়মান হওয়ায় এ দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী পঞ্চাশ হাজার
টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ ছাড়াও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।