মুহুর্মুহু ডিম নিক্ষেপ আর মিছিলের মুখে আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে আদালতে হাজির না করে সরাসরি কারাগারে নিয়ে গেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে শফিক ও তার স্ত্রীকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করে বিক্ষীপ্ত জনতা।
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য লিপি আক্তার গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপন করেন।
বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকায় গ্রেফতারের পর বগুড়া সদর থানা পুলিশের একটি টিম তাদেরকে বগুড়ায় নিয়ে আসে। সন্ধ্যায় শফিক ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হবে।
সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বরে পৌঁছালে মিছিল থেকে প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করা হয়। একপর্যায় তাদেরকে আদালতে না তুলে পুলিশ ও সেনা সদস্যদের পাহারায় প্রিজন ভ্যান কারাগারের দিকে চলে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন নিরাপত্তার কারনে শফিক ও তার স্ত্রীকে আদালতে হাজির না করেই কারাগারে নিয়ে যাওয়া হয়।