বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য তুলে ধরে সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি যা বলে তা বাস্তবায়ন করে। শনিবার (২ মে) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ধলেশ্বরী ও লৌহজং নদীর নাব্যতা ফিরিয়ে আনা টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতেই পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। নদীর জায়গা দখল করে রাখলে তা উচ্ছেদে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই সারাদেশে খাল ও নদী খননের কাজ শুরু
হয়েছে। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ। এর মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন।
উল্লেখ্য, ধলেশ্বরী ও লৌহজং নদীর মোট ৫২ দশমিক ৯২ কিলোমিটার পুনঃখননের জন্য প্রায় ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।