সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, শিক্ষা উপকরণ, কৃষি উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গবাদি পশু বিতরণ করা হয়েছে।
আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরের এডিপি বাস্তবায়নের অংশ হিসেবে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বেকার নারীদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং দরিদ্র মহিলাদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও টাঙ্গাইল-৮ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজিম উদ্দীন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন পিপিএম এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম।
এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।