জাতীয় সংসদে এলপিজিসহ জ্বালানির দাম বৃদ্ধির কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, জ্বালানির দাম ‘মাত্রাতিরিক্ত’ বাড়ানো হয়েছে, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এই মাত্রাতিরিক্ত দাম কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে এসে জনজীবনে স্বস্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘সরকার বলেছিল যে তারা (জ্বালানির) দাম বাড়াবে না, কিন্তু তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে বা যে পরিস্থিতিতে তারা দাম বাড়িয়েছে, এত দাম বাড়ানো উচিত হয়নি। আমরা মনে করি, দাম কমিয়ে নিয়ে এসে জনজীবনে স্বস্তি নিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘বৈশ্বিকভাবে একটা সংকটের মধ্যে আছি। একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। তার প্রেক্ষিতে বাংলাদেশে জ্বালানিসংকটের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমরা নানা ধরনের খবর দেখছি যে আমাদের তেল সংকটে কৃত্রিম কিছু বিষয়ও আছে। সে বিষয়গুলোতে আসলে সরকারের পদক্ষেপ কী, সেটা আমরা এখন পর্যন্ত ভালো করে জানি না।’
সংসদ সদস্য বলেন, ‘কিন্তু হঠাৎ করে যে এলপিজির দামও বাড়িয়ে দেওয়া হলো, আমাদের যারা রান্নাবান্নার কাজে করতেছেন, বিভিন্ন উৎপাদনের কাজগুলো করতেছেন, তারা কিন্তু এই সময়টাতে ভালো করে এই রান্নাবান্নার কাজগুলোতে করতে পারবেন না, যদি এভাবে এলপিজির দাম বাড়তে থাকে।
আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি, যাতে করে যে দামটা বৃদ্ধি করা হয়েছে, সেটা যেহেতু মাত্রাতিরিক্ত, এই মাত্রাতিরিক্ত দামটাকে কমিয়ে নিয়ে এসে যাতে একটা সহনীয় পর্যায়ে এটাকে নিয়ে আসা হয়।’
এনসিপির এই সংসদ সদস্য আরও বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ সমস্যা যেমন মজুতদারি ও ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে করে জ্বালানির দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।