মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের নারী নেত্রী মমতাজ আলো বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা ও দলীয় আন্দোলনে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত তালিকা প্রস্তুত করে দলটি।
মমতাজ আলো বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ফ্রান্স মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ।
তার মনোনয়নকে ঘিরে মুন্সিগঞ্জে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। অনেকেই এটিকে ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়ন হিসেবে দেখছেন।
এদিকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই মনোনয়ন তালিকায় অভিজ্ঞ ও তৃণমূল পর্যায়ে সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা দলটির সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে।