শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি ধাপে পথপ্রদর্শক হিসেবে পাশে থাকেন বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব, যা নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে পালন করেন আমাদের প্রিয় শিক্ষকরা।
শনিবার (১৮ এপ্রিল) সকালে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়-এ অবসরজনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এ বিদ্যালয়েরই একজন সাবেক শিক্ষার্থী।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদার, সহকারী শিক্ষক মোহাম্মদ অলি উল্লাহ খান এবং আমির হোসেন ভুইয়া-কে সংবর্ধনা জানানো হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষকরা শুধু বইয়ের জ্ঞান দেন না, বরং নৈতিকতা, মানবিকতা এবং জীবনের বাস্তব শিক্ষা দেন। শিক্ষাজীবনে নানা ভুল-ত্রুটি সত্ত্বেও শিক্ষকরা ধৈর্যের সঙ্গে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করেন, যা পরবর্তীতে জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে ওঠে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান মুন্সি-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাকিবুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য দেন বিদায়ী শিক্ষকবৃন্দ, সাবেক শিক্ষার্থী সংগঠন ‘দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলটিয়ান্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি মো. জাকির হোসেন এবং শিক্ষার্থী ইয়াছিন ইমন মোয়াজ প্রমুখ।