জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, বিএনপির কিছু সমর্থকের কাছ থেকে তিনি হত্যার হুমকি পাচ্ছেন। একই সঙ্গে তার ও তার স্ত্রীর মোবাইল নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হেনস্তা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে রাশেদ প্রধান জানান, তার সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য ছিল ব্যক্তিগত এবং দলীয় অবস্থান থেকে দেওয়া, যার সঙ্গে জোট বা অন্য কোনো দলের সংশ্লিষ্টতা নেই। এ বক্তব্যকে অন্য দল বা জোটের সঙ্গে যুক্ত করে প্রচার করা হচ্ছে, যা ভুল বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সামাজিক মাধ্যমে তার ফোন নম্বর ছড়িয়ে দেওয়ার পর থেকে বিভিন্নভাবে তাকে হয়রানি করা হচ্ছে। তার অভিযোগ, কিছু উগ্র সমর্থক ফোন করে অপমানজনক ভাষায় কথা বলছেন এবং বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
রাশেদ প্রধান আরও বলেন, তার রাজনৈতিক বক্তব্যের কারণে পরিবারের সদস্যদেরও হয়রানির শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।
তিনি অভিযোগ করেন, তার প্রয়াত পিতা জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান ও পরিবারের অন্য সদস্যদের নিয়েও বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি এসব বক্তব্যকে ইতিহাসবিরোধী ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
বিএনপি সমর্থকদের উদ্দেশে তিনি সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, ভিন্নমত থাকলেও তা সহনশীলতার সঙ্গে মোকাবিলা করা উচিত। তিনি আরও বলেন, মৃত্যুভয় তাকে রাজনীতি থেকে বিরত রাখতে পারবে না।
সংবাদ সম্মেলনে জাগপার সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।