মেহেদী হাসান রাতুল ,( সিলেট),
বিশ্বনাথ উপজেলা-এর রামপাশা ইউনিয়নে সড়কের পাশ থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে রামপাশা-লামাকাজি সড়কের ধলিপাড়া পিচের মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা চালক মুক্তার মিয়া লামাকাজি থেকে ফেরার পথে তার গাড়ি বিকল হয়ে যায়। এ সময় অন্ধকারে সড়কের পাশ থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে তিনি এগিয়ে যান। পরে কাঁথায় মোড়ানো অবস্থায় এক কন্যা শিশুকে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিশুটি চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনাটি মানবিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি গনমাধ্যমকে বলেন, শিশুটিকে উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে এবং ইতোমধ্যে সিলেটের ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে ‘ফাতেমা’।
তিনি আরও জানান, অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এটি একটি আইনি প্রক্রিয়া হওয়ায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আদালতের মাধ্যমেই দত্তক কার্যক্রম সম্পন্ন হবে।