পটুয়াখালী প্রতিনিধিঃ
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পটুয়াখালীর মহিপুরে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে মহিপুর বন্দরের সোনালী ব্যাংক রোডে এ কর্মসূচি পালিত হয়।
মহিপুর সচেতন নাগরিক সমাজ, ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ ও জিয়া তারুণ্য ক্লাব মহিপুরের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের মিজানুর রহমান রিপন, তোফাজ্জল হোসেন সিপাহী, শাহ-আলম মুন্সি, জাহিদুল ইসলাম রাজিব,শাজাহান কাজী, জাহিদ গাজী,ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম সাগর, জিয়া তারুণ্য ক্লাবের সদস্য রাইসুল ইসলাম রুপু, মানবিক সমাজ সেবার প্রতিষ্ঠাতা রিপন সাব্বিরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদক এখন মহামারি আকার ধারণ করেছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
সচেতন নাগরিক সমাজের পক্ষে মিজানুর রহমান রিপন বলেন, মাদকের ভয়াবহতা আমাদের সমাজকে গ্রাস করছে। এখনই প্রতিরোধ না গড়ে তুললে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ইতিপূর্বে আমাদেন মাননীয় সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গোষনা করেছেন। তাই মাদক নির্মুলে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীর সহ স্থানীয় সচেতন নাগরিক সমাজকে কার্যকরি পদক্ষেপ নেয়ার আহবান করছি।
ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম সাগর বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তারা যদি মাদকের অন্ধকারে হারিয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশও অন্ধকারে ডুবে যাবে। তাই সবাইকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যুবকদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে।
বক্তারা আরও বলেন, উপকূলীয় ও মৎস্য বন্দর এলাকা হওয়ায় মহিপুরে মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। তাদের দ্রুত দমন না করা হলে ভবিষ্যতে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাবে।মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি জোরদারের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব—এতে দেশ ও সমাজ আরও সুন্দর হয়ে উঠবে।