মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী উৎসব বিঝু উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় ফুল অর্পণের মধ্য দিয়ে উৎসবের বর্ণিল সূচনা হয়েছে। চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে ভোরের আলো ফুটতে না ফুটতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মাইনী নদীর তীর।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) ভোর ৫টা থেকেই হাতে বাহারি রঙের ফুল নিয়ে দলবেঁধে মাইনী নদীর তীরে জড়ো হতে থাকেন উৎসবপ্রেমীরা। পরে সবাই একসাথে নদীর জলে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানান এবং নতুন বছরকে স্বাগত জানান আনন্দঘন পরিবেশে।
স্থানীয়দের বিশ্বাস, এই ফুল ভাসানোর মধ্য দিয়ে বিগত বছরের সকল দুঃখ-বেদনা, গ্লানি ও অশান্তি নদীর স্রোতের সঙ্গে ভেসে যায়। একই সঙ্গে নতুন বছর বয়ে আনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের বার্তা। এ সময় নদীর দুই পাড়জুড়ে সৃষ্টি হয় এক অনন্য, আবেগঘন ও নান্দনিক পরিবেশ, যা উৎসবের আমেজকে আরও গভীর করে তোলে।
বিঝু শুধু একটি উৎসব নয়, এটি চাকমা সম্প্রদায়ের জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছরই এই উৎসবকে ঘিরে আয়োজন করা হয় নানা ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারিবারিক মিলনমেলা।
স্থানীয় প্রবীণরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য বহমান রয়েছে, যা পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সংস্কৃতির বৈচিত্র্য এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
উৎসবের শুরুতেই এমন প্রাণবন্ত আয়োজন দীঘিনালার মানুষের মাঝে নতুন বছরের আনন্দ ছড়িয়ে দিয়েছে, যা আগামী কয়েকদিন ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে।