জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে জ্বালানি তেলের তীব্র সংকট ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেছেন সংসদ সদস্যরা। মঙ্গলবার (৭ এপ্রিল) অধিবেশনে বিরোধী দলীয় সদস্যরা নিজ নিজ এলাকার সমস্যাসহ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী সংসদে নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে জানান, জ্বালানি তেলের সংকটে তিনি নিজেই বিপাকে পড়েছেনৎ
তিনি বলেন, ‘আটটি পাম্প ঘুরেও কোথাও তেল না পেয়ে শেষ পর্যন্ত গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে আসতে হয়েছে।’ সরকারিভাবে তেলের সংকট নেই বলে দাবি করা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া কাপাসিয়ার ওপর দিয়ে গ্যাস লাইন গেলেও স্থানীয়ভাবে সংযোগ না থাকায় শিল্পায়ন হচ্ছে না এবং বেকার যুবকরা মাদকের দিকে ঝুঁকছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে শীতলক্ষা নদীর ওপর নির্মিত সেতুর নির্মাণ ব্যয়ের চার গুণ টাকা টোল হিসেবে উঠে যাওয়ার পরও তা বন্ধ না হওয়ায় ক্ষোভ জানান তিনি।
অন্যদিকে ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল তার এলাকায় নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, আইলা ও সিডরের মতো দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ঝালকাঠিতে স্থায়ী নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নদী ও খালনির্ভর এই অঞ্চলে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরায় খননের জন্য সরকারের নতুন উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং বিশেষ প্রকল্পের দাবি তোলেন।
দেশের বর্তমান অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরব ছিলেন চাঁদপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি অভিযোগ করেন, অতিরিক্ত প্রায় ৬০ হাজার কোটি টাকা মুদ্রণের ফলে দেশে ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এর ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে এবং সঞ্চয়ে অনীহা তৈরি হচ্ছে। এই মুদ্রণ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম তার বক্তব্যে রাষ্ট্রপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, রাষ্ট্রপতির পদটি সব দল ও মতের মানুষের আস্থার প্রতীক হওয়া উচিত হলেও বর্তমান রাষ্ট্রপতি বিভিন্ন সময়ে নির্দিষ্ট ক্ষমতাকেন্দ্রের অনুসারী হিসেবে ভূমিকা পালন করেছেন।