মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক মুন্সিগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মঈনুদ্দিন সুমন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং সংশ্লিষ্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিশোধমূলকভাবে এ মামলা করা হয়েছে।
তারা আরও বলেন, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরায় সাংবাদিকদের বারবার হয়রানির শিকার হতে হচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে কঠোর কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাবেক সভাপতি অ্যাডভোকেট ব. ম. শামীম, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আপন সরদারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।