শাহরিয়ার আহমেদ শাওনঃ
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামে তুচ্ছ আর্থিক বিরোধের জেরে সংঘর্ষে সিয়াম মিয়া (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, নোয়াপাড়া গ্রামের চড়া মিয়ার স্ত্রী নাজমা বেগম একই এলাকার মাহিদ মিয়ার ভাই ওয়াহিদ মিয়ার কাছে প্রায় ১২ হাজার টাকা পেতেন। এর মধ্যে ওয়াহিদ মিয়ার ছেলে ৩ হাজার টাকা পরিশোধ করলে বাকি টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
গত সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ বিরোধ চরমে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে ওয়াহিদ মিয়ার ছেলে সিয়াম মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিয়াম মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।