সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ার ভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজান (১৮) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় উত্তেজিত এলাকাবাসী সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ধবলসূতী গাটিয়ার ভিটা সীমান্তের ৮২৬ নম্বর পিলারের কাছে নিজের জমিতে ধানক্ষেতে সেচ দিচ্ছিলেন মিজান। এ সময় ভারতের গুমুতি ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ সদস্যরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিজান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আহত মিজান পাটগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধবলসূতী এলাকার মফিজুল ইসলামের ছেলে।
গুলিবিদ্ধ হওয়ার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
নিরীহ কৃষকের ওপর গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। এর প্রতিক্রিয়ায় উত্তেজিত গ্রামবাসী সীমান্ত এলাকা থেকে স্বদেপ বর্মন নামে এক ভারতীয় নাগরিককে গরুসহ ধরে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান “বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি যুবক আহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।”