গণভোটের রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, গণভোটের ফলাফল উপেক্ষা করা হলে বর্তমান সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করে রাজপথে আন্দোলনে নামবে তারা।
রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে এবং রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করছে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের আচরণে স্বৈরাচারী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের জন্য অশনিসংকেত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে উদ্দেশ করে তিনি বলেন, গণভোটের ফলাফল না মানলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। তিনি সতর্ক করে দেন, প্রয়োজনে খুব দ্রুত রাজপথে কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে প্রশাসনিক সিদ্ধান্ত, সংবিধান লঙ্ঘন এবং ফোনে আড়িপাতার ক্ষমতা পুনর্বহালের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এনসিপি নেতারা মনে করেন, এসব পদক্ষেপ জনগণের অধিকার ক্ষুণ্ন করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে।
দলটি সরকারকে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেছে, অন্যথায় রাজনৈতিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে।