আবু তাহের, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৩ এপ্রিল (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭,০০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬,১০৭ জন। উপস্থিতির হার ৮৭.১৬ শতাংশ।
পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করে উপাচার্য বলেন, ‘বি ইউনিটের পরীক্ষা নজরুল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি কন্ট্রোল রুমের মাধ্যমে সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং নতুন কলা ভবনের ১০৬টি কক্ষে অনুষ্ঠিত হয়। আমরা বেশ কয়েকটি কক্ষ পরিদর্শন করেছি। প্রতিটি কক্ষেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নের মান ভালো হয়েছে এবং ভালোভাবে পরীক্ষা দিচ্ছে বলে কয়েকজন শিক্ষার্থী আমাদের জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী, ছাত্রদের বিভিন্ন সংগঠন, স্থানীয় প্রশাসন, জনগণ, সাংবাদিকবৃন্দ সবাই আমাদেরকে পরীক্ষা সম্পন্নে সহযোগিতা করছেন। সকলের সহযোগিতার মধ্যদিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।’ আগামী ১০ এপ্রিল এ ইউনিট ও ব্যবহারিক পরীক্ষাতেও সকলের সহযোগিতা কামনা করি।
এছাড়াও ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। রাস্তার যানযট নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। এছাড়া ময়মনসিংহ ও ভালুকা হতে পরীক্ষার্থীদের আসা ও যাওয়ার জন্য পর্যাপ্ত বাস সার্ভিস ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার ১১ টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন বেলা ০৩:০০ হতে ০৪:০০ পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে।নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০,৩৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।