মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির গম পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে কৃষকদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন চাষিরা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সময় মতো ফায়ার সার্ভিসের টীম আসলে কিছুটা ফসল বাঁচানো সম্ভব হতো বলেও জানিয়েছেন চাষিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক ওসমান আলী তার জমির গম কেটে নেয়ার পর পড়ে থাকা খড় পোড়াতে গেলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের জমিগুলোতে থাকা পাকা গমেও আগুন ধরে যায়। বাতাসের তীব্রতার কারণে আগুন দ্রুত বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বিস্তীর্ণ মাঠ আগুনে পুড়তে থাকে। স্থানীয় কৃষকরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও ফায়ার সার্ভিসের টীম অনেক দেরীতে পৌছায়। ফলে সব ফসল পুড়ে ভষ্মিভুত হয়।
ভুক্তভোগী কৃষক লালন বলেন, আর কয়েক দিনের মধ্যেই পাকা গম ঘরে তুলতেন। এই গম বিক্রির টাকায় পরবর্তী মৌসুমের চাষের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল। এখন কীভাবে ক্ষতি পুষিয়ে উঠবেন বুঝতে পারছি না। একই কথা জানিয়েছেন কৃষক আব্দুল কাদের। তিনি আরো জানান, জ্বালানি তেলের সংকটের কারণে মাঠে হারভেস্টার মেশিন দিয়ে গম কাটার কাজ বিলম্বিত হচ্ছিল। তেল সংকটের কারণে দু-এক দিন গম কাটা পিছিয়ে যায়। সেই গম আগুনে পুড়ে ছাই হয়ে গেল।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান জানান, ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে সরেজমিন পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে। পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা যাবে। তিনি কৃষকদের খোলা মাঠে আগুন ব্যবহার করে ফসল বা খড় পোড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।