শেখ নজরুল ইসলাম তালা থেকে।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় অভার ব্রিজের পাশে একটি গ্যারেজ সংলগ্ন স্থান থেকে একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-খ ১৪-০৪৯৩) থেকে ১৩ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। গাড়ির ভেতরে রাখা বোতল থেকে এসব অকটেন উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় জনতার হাতে আটক হন গাড়ির মালিক আব্দুল্লাহ হামিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পাটকেলঘাটায় নিজের গাড়ি থেকে তেল বের করার সময় জনতা তাকে আটক করে। পরে খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ হোসনে আরা ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির মালিক আব্দুল্লাহ হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, এলাকায় কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রি করে আসছে। এতে প্রকৃত গ্রাহকরা তেল পেতে সমস্যায় পড়ছেন বলে তারা জানান।