মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর টঙ্গীতে দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি ভাড়া বাসায় অটোচালক রকি (৩৫) ও তার স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক (২৫) বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে বিরোধ তীব্র হয়।
ঘটনার রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে স্ত্রী ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেন বলে অভিযোগ। এ সময় আহত ব্যক্তির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর অভিযুক্ত স্ত্রী রক্তমাখা ছুরি নিয়ে টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে হেফাজতে নেয় এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।