ইরান যুদ্ধে যোগ দিতে জোরালো প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর সামরিক অভিযানে সহায়তার পরিকল্পনা করছে দেশটি।
বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি খুলতে সামরিক শক্তি ব্যবহারের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন পাওয়ার চেষ্টা করছে আমিরাত।
একইসঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশকে নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছে দেশটি, যা প্রয়োজনে সামরিক উপায়ে প্রণালিটি উন্মুক্ত করবে।
আমিরাতের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের নিয়ন্ত্রণ থেকে হরমুজ প্রণালি কীভাবে মুক্ত করা যায় এবং এতে আমিরাত কী ধরনের সামরিক ভূমিকা রাখতে পারে—তা নিয়ে বর্তমানে কাজ চলছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরান আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।
এ বিষয়ে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তথ্যটি সরাসরি অস্বীকার করেনি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একটি ব্যাপক বৈশ্বিক ঐকমত্য তৈরি হয়েছে।’
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালিটি বন্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?