মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বিচারক মহিদুল হক আনাম চৌধুরীর একক বেঞ্চ আজ মঙ্গলবার আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। একই সঙ্গে ৫ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেন।
দুপুর সাড়ে ১২টায় আব্দুল জলিল মন্ডলকে ট্রাইব্যুনালে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এর আগে সোমবার (৩০ মার্চ) রাতে শাপলাচত্বরের মামলায় গ্রেফতার করা হয়। এ মামলার তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা ছিল।
ডিবি সূত্র জানায়, আবদুল জলিল মন্ডলের বাড়ি পাবনায়। তিনি পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ছিলেন। শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন আবদুল জলিল মন্ডল।