মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে চলন্ত একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে চালক ও যাত্রীরা অক্ষত রয়েছেন।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার পর টঙ্গীর চেরাগআলী এলাকায় কাদেরিয়া টেক্সটাইলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের গাজীপুরমুখী লেনে এ ঘটনা ঘটে।
প্রাইভেটকারে থাকা এক কলেজছাত্রী জানান, ঢাকা থেকে উবারে করে চেরাগআলী আসার পথে হঠাৎ গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় তারা দ্রুত গাড়ি থেকে নেমে যান। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গাড়িটি লেলিহান শিখায় পুড়ে যেতে থাকে।
স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের গাজীপুরমুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।