মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। একমাত্র ফিলিং স্টেশনকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ যানবাহনের লাইন, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও চালকরা।
সোমবার সকাল থেকে ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত পরিমাণে অকটেন ও ডিজেল পাচ্ছেন না অনেকেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও খালি হাতে ফিরতে হচ্ছে বহু চালককে। পরিস্থিতি এতটাই নাজুক যে, অনেকে মোটরসাইকেলের ট্যাংকি খুলে আলাদা করে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন।
পার্বত্য অঞ্চল হওয়ায় দীঘিনালায় মোটরসাইকেলের ব্যবহার তুলনামূলক বেশি। ফলে তেলের এই সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেল ও সিএনজি চালকরা। অনেকেই অভিযোগ করেছেন, সকালে লাইনে দাঁড়িয়ে বিকেল গড়িয়ে গেলেও তেল পাচ্ছেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশন থেকে শুরু হয়ে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন মাঠে কাজ করছে। তারা শৃঙ্খলা বজায় রাখা এবং তেল সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা না হলে এ ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।