সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। মাত্র চার বছর আগে বিপুল পরিমাণ ব্যয়ে সড়কটি সংস্কার করা হলেও বর্তমানে এর অবস্থা অত্যন্ত নাজুক। বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে উঁচু-নিচু হয়ে পড়েছে, কোথাও কোথাও ছোটখাটো ঢেউয়ের মতো অবস্থা তৈরি হয়েছে। এতে যান চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষায়, সড়কটি এখন অনেকটা নদীর ঢেউয়ের মতো ওঠানামা করে।
এই বেহাল অবস্থার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। সর্বশেষ, দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬)। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)।
রবিবার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট পৌরশহরের একটি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। সড়কের পাশে দাঁড়িয়ে সেটি মেরামতের কাজ চলছিল। এ সময় বগুড়ামুখী গ্যাস সিলিন্ডারবাহী একটি দ্রুতগতির ট্রাক এসে বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কাদানকারী ট্রাকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিন থেকে সহকারীর মরদেহ উদ্ধার করেন। আহত চালককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সড়কের বেহাল অবস্থার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি পুনঃসংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।