লালমনিরহাটের আদিতমারীতে গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই ছাত্রদল নেতা রাকিবুল হাসান-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লা-এর স্বাক্ষরে রাকিবুলকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, রাকিবুল হাসান আদিতমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ‘MD Rakibull Hasan’ নামে একটি ফেসবুক আইডি থেকে “টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন” শিরোনামে একটি পোস্ট দেন। পোস্টটি দেওয়ার অল্প সময়ের মধ্যেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
রাকিবুল দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। গণভোটের পক্ষে মত প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অন্যদিকে জেলা ছাত্রদল জানিয়েছে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অবস্থান নেওয়ায় শৃঙ্খলা রক্ষার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।