ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সংবিধান যথাযথভাবে অনুসরণ করা হলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দেশে থাকার সুযোগ থাকত না, বরং তাকে বিদেশে থাকতে হতো।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মাসুদ দাবি করেন, ১৯৭২ সালের সংবিধানের আলোকে বর্তমান রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রেও একই পরিস্থিতি প্রযোজ্য হতো।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে মত দিলেও সরকার সেটিকে উপেক্ষা করার চেষ্টা করছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণ আবারও জেগে উঠবে এবং গণভোট বাস্তবায়নে বাধ্য করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বক্তব্যে তিনি অতীতের রাজনৈতিক নিপীড়নের কথাও তুলে ধরেন। নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, একাধিক মামলায় দীর্ঘ সময় কারাভোগ এবং গুমের শিকার হয়েছেন তিনি। তার মতে, সংবিধান কার্যকর থাকলে এসব ঘটনার পুনরাবৃত্তি হতো না।
ড. মাসুদ আরও অভিযোগ করেন, গণভোট ও ‘জুলাই সনদ’ উপেক্ষা করা হলে দেশ আবারও অস্থিরতার দিকে যেতে পারে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।