মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত জহিরুল ইসলাম জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাখী এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেকু হাসানকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের বাসিন্দা।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় পূর্ব শত্রুতার জেরে জহিরুল ইসলাম জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পেছনে নিহতের পরিবারের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ ছিল বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ওই দিন বেকু হাসানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল জয়কে আক্রমণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গ্রেপ্তারকৃত বেকু হাসানকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।