মোঃ মনিরুজ্জামান ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলার এক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার। মঙ্গলবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মোঃ আব্দুল আজিজ (৫৫) পাবনার ভাঙ্গুড়া উপজেলার কলকতি গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও সুপরিচিত নেতা হিসেবে পরিচিত ছিলেন ও গুরুতর আহত ইন্দ্রজিৎ রাজশাহী তানোর উপজেলার বাসিন্দা ও সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেল যোগে রাজশাহী তানোর থেকে ভাঙ্গুড়ায় বাড়ি ফেরার পথে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে দুইজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন ও ইন্দ্রজিৎকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান মনির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।