পাবনার চাটমোহর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মো. শরীফ উদ্দিন নামের রেলওয়ে পুলিশের (জিআরপি) এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল শরীফ উদ্দিন একতা এক্সপ্রেস ট্রেনে ডিউটিরত ছিলেন। ট্রেনটি চাটমোহর স্টেশনে পৌঁছালে অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনের ভেতরে একটুও জায়গা ছিল না। ট্রেনটি যখন প্ল্যাটফর্ম ছেড়ে যেতে শুরু করে, তখন শরীফ ট্রেনে ওঠার চেষ্টা করেন। ভেতরে জায়গা না থাকায় তিনি দরজার হাতল ধরে ঝুলে ছিলেন। একপর্যায়ে হাত ফসকে তিনি লাইনের পাশে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা আক্তার জানান, কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপের কারণে ট্রেনগুলোতে বর্তমানে প্রচণ্ড ভিড় হচ্ছে। আহত পুলিশ সদস্যের স্বাস্থ্যের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ খোঁজ রাখছে।