শরীয়তপুরে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জুলাই আন্দোলনে নিহত শরীয়তপুরের ১৪ জনকে স্মরণ করে শহরের শহীদ মিনারের পাশে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। কংক্রিটের ভিত্তির ওপর লোহার কাঠামোতে তৈরি এই স্মৃতিস্তম্ভে শহীদদের নাম খোদাই করা ছিল।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন। প্রায় ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে আগুন জ্বালানোর পর তাদের দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রচার করা হয়েছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, এ ধরনের হামলা পরিকল্পিত। আমরা চাই দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করা হোক।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনার খবর আমরা পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি আগের কোনো সময়ের হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।