স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে সক্রিয় হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থেকে এগিয়ে যেতে হবে।
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই শক্তিকে এখনও প্রতিহত করতে হবে এবং তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি এখন ভিন্ন আকারে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাই স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যেকোনো আঘাত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না; বরং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনে এগিয়ে যেতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সব ধরনের ষড়যন্ত্র ও অপশক্তিকে পরাজিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।