পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া এলাকায় এক মাদরাসা শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত শিক্ষক মো. ইব্রাহিম খলিল (৫৮) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দাসপাড়া কাঠেরপুল এলাকার পশ্চিমপ্রান্তে প্রথম দফায় হামলার শিকার হন তিনি। আহত শিক্ষক ও তার পরিবারের দাবি, স্থানীয় মামুন মেম্বারের ছোট ভাই হান্নান লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে।
পরে প্রাণ বাঁচাতে তিনি কাঠেরপুলের পূর্বদিকে দৌড়ে গেলে সেখানে মামুন মেম্বার, মনির মেম্বার, সাইদুলসহ বিএনপির ২০-৩০ জন নেতাকর্মী তাকে ঘিরে ধরে দ্বিতীয় দফায় মারধর করে। এ সময় তাকে লক্ষ্য করে রাজনৈতিক বিভিন্ন মন্তব্য ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
একই দিন জুমার নামাজ শেষে পৃথক আরেক ঘটনায় দাসপাড়া বড় চৌমোহনী এলাকায় নাজিম আকন (৩৮) নামে জামায়াতের এক নেতাকেও মারধরের অভিযোগ উঠেছে। তাকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, হামলার প্রতিবাদে বিকেলে বাউফল পৌর সদরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ভুক্তভোগী ও দলীয় নেতারা জানিয়েছেন, উভয় ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, তিনি সেদিনই দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।