হাসিনা আমলে গঠিত ‘হেলমেট বাহিনী’ বর্তমানে ‘গুপ্ত বাহিনীতে’ রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তার দাবি, এই গোষ্ঠী এখন দেশে উচ্ছৃঙ্খল জনতা তৈরি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
শুক্রবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিনু বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতনে জড়িত সেই ‘হেলমেট বাহিনীর’ সদস্যরা সরকার পতনের পর ‘গুপ্ত বাহিনী’ হিসেবে সক্রিয় হয়েছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের ভূমিকা রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা বেশি কঠিন। “আমাদের প্রথম অগ্রাধিকার বাংলাদেশ। আমরা কারও অধীনস্থ নই, বরং পারস্পরিক বন্ধুত্বে বিশ্বাস করি। দেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি,”—যোগ করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিএনপি কোনো মন্ত্রী, সংসদ সদস্য বা মেয়রের দল নয়; এটি কর্মীদের দল এবং কর্মীরাই দলের প্রাণশক্তি।
ভূমি মন্ত্রণালয়ের খাস জমি প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয়ের অধীনে অনেক খাস জমি থাকলেও বিএনপি দখলদারিত্বে বিশ্বাস করে না। বরং বৈধভাবে জমি ক্রয় করে স্থায়ী কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এছাড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশ একটি সংকটময় সময় পার করছে এবং এই সময়ে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা রক্ষা করা জরুরি।