দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, আগে একটি পেট্রোল পাম্পে প্রতিদিন যে পরিমাণ তেল বিক্রি হতো, এখন তা কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ইরান যুদ্ধের প্রভাব ও আতঙ্কে মানুষ অতিরিক্ত তেল কিনে মজুত করার চেষ্টা করছে, ফলে চাহিদা হঠাৎ বেড়ে গেছে।
তিনি আরও বলেন, দেশে তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে চাহিদা বৃদ্ধির সুযোগে কিছু জায়গায় কালোবাজারি ও অনিয়মের ঘটনা ঘটছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা বিষয়টি তদারকি করছেন।
এদিকে, দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, বৈশ্বিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে সম্ভাব্য চাপ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজেল কেনা হবে।
এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে এক লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।