বিএনপিকে ক্ষমতায় আনার পর জনগণ তার সুফল পেতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পলাশ থানা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপি।
ড. মঈন খান বলেন, গণতন্ত্র এমন একটি শক্তি যা মানুষের কল্যাণে কাজ করে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিএনপি সবসময় সেই অধিকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, তার প্রতিফলন তারা খুব অল্প সময়ের মধ্যেই দেখতে শুরু করেছে।
তিনি জোর দিয়ে বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে কথা বলার অধিকার ও ভোটাধিকার কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।
পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন—সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন,
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া এবং ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ অন্যান্য নেতারা।