সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির মামলায় গ্রেফতারের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মনিরুজ্জামান ওরফে মনিরুল ইসলামকে (২৭) পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পালিয়ে যাওয়ার পর রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাকে সিঙ্গীমারী ইউনিয়ন থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত মনিরুজ্জামান উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেনের বাড়ি থেকে আসবাবপত্র চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সাথে জড়িত মনিরুজ্জামানকে শনাক্ত করে।
পরবর্তীতে বুধবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। তবে রাতে পুলিশি অভিযানের এক পর্যায়ে কৌশলে হাতকড়া পরা অবস্থায় সে পালিয়ে যেতে সক্ষম হয়।
আসামি পালিয়ে যাওয়ার পরপরই হাতীবান্ধা থানা পুলিশের একাধিক দল রাতভর উপজেলার বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার ভোরে সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, গ্রেফতারকৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে চুরির মূল মামলার পাশাপাশি পুলিশ হেফাজত থেকে পালানোর অপরাধে পৃথক আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।