নূর আলম, দুর্গাপুর,নেত্রকোনা:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম-এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল শুধু ভৌগোলিক স্বাধীনতার সংগ্রাম নয়; এটি ছিল শোষণ-বঞ্চনা, সাম্রাজ্যবাদ ও বৈষম্যের বিরুদ্ধে গণমানুষের মুক্তির লড়াই। শ্রমিক-কৃষক-ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে, যেখানে বামপন্থী শক্তির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অনেকে আত্মত্যাগ করেন।
তারা আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও গণতন্ত্র, অর্থনৈতিক ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াই এখনো অসম্পূর্ণ। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম জোরদার করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, নারী সেল আহ্বায়ক তাসলিমা বেগম,
উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং,উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিমউদ্দিন,উপজেলা কৃষক সমিতির সভাপতি আ. মালেক সরকার,উপজেলা যুব ইউনিয়ন সভাপতি রমজান আলী সরকার এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি রমজান আলী প্রমুখ।
বক্তারা মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার হিসেবে শোষণমুক্ত, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।