দেশে তেল সংকট নিয়ে সরকারঘনিষ্ঠদের বিরুদ্ধে মজুতদারির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সরকারের ঘনিষ্ঠ কেউ তেল মজুত করছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি দেশে সাধারণত অন্তত দুই মাসের তেল মজুত থাকে।’ সেই বিবেচনায় মাত্র এক মাসের ব্যবধানে এমন সংকট তৈরি হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, নিশ্চয়ই সরকারের অনুমতি সাপেক্ষে বড় কোন কোম্পানি তেল মজুদ করছে। তা না হলে হরমুজ প্রণালী বন্ধের মাত্র এক মাসের মাথায় দেশে তেল সঙ্কট হওয়ার কথা।
এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে দলটি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি প্রশ্ন তোলেন, যাদের প্রশাসক করা হচ্ছে, তারাই যদি পরে নির্বাচনে অংশ নেয়, তাহলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা কোথায় থাকবে।
তিনি আরও বলেন, সরকার যদি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পথে এগোয়, তাহলে এনসিপি সহযোগিতা করবে। অন্যথায় জনগণের পাশে দাঁড়িয়ে ভিন্ন অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন তিনি।
এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন।