রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে তিনি এ শোক জানান।
উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
স্থানীয় ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ওই বাসটি বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটের পন্টুনে ওঠার চেষ্টা করছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পদ্মায় পড়ে মুহূর্তেই তলিয়ে যায়।
পোস্টে জামায়াত আমির লেখেন, এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তায়ালা তাদের জান্নাতুল ফিরদাউস নসীব করুন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান লিখেন, দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।
এ ঘটনায় উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শফিকুর রহমান লেখেন, এই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিসসহ সব উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
সবশেষে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পোস্টে তিনি বলেন, আসুন, আমরা সবাই দুর্গতদের পাশে দাঁড়াই এবং মহান আল্লাহর কাছে দোয়া করি- তিনি যেন সবাইকে এইধরনের বিপদ থেকে হেফাজত করেন।