মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের বহু প্রত্যাশা এখনো অপূর্ণ রয়ে গেছে।
তিনি স্মরণ করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও মানবিক রাষ্ট্র গঠন। তবে দীর্ঘ সময় পরও সেই আকাঙ্ক্ষার অনেকটাই বাস্তবায়িত হয়নি বলে তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান হয়েছে এবং একটি নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। এ অবস্থায় দেশে আর কোনো ধরনের দমন-পীড়ন বা ফ্যাসিবাদী আচরণ ফিরে আসবে না—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, নাগরিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তিনি “জুলাই জাতীয় সনদ ২০২৫” বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
স্বাধীনতা দিবসে তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং জাতির অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান