মানবপাচার আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এ আদেশ দেন।
এর আগে সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে পল্টন থানায় দায়ের করা মানবপাচারের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
পুলিশ জানায়, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে—এর মধ্যে ফেনী জেলায় ৬টি এবং ঢাকায় ৫টি।
উল্লেখ্য, তিনি ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক-এগারোর পটপরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে তাকে বিবেচনা করা হয়। সে সময় তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন এবং দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনায় যুক্ত ছিলেন। ওই সময় তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান।
পরবর্তীতে ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার তার চাকরির মেয়াদ তিন দফায় বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর তিনি বিভিন্ন ব্যবসায় যুক্ত হন।
রাজনীতিতে তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে ২০১৮ ও ২০২৪ সালে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালের নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন। লাঙ্গল প্রতীকে নির্বাচন করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।